আন্তর্জাতিক নারী দিবস ঘিরে প্রকাশিত সাম্প্রতিক বিভিন্ন জরিপ ও শিল্পবিশ্লেষণে স্পষ্ট হয়েছে, বিশ্বের ট্রাভেল ইন্ডাস্ট্রিতে নারীদের প্রভাব এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। শুধু ভ্রমণকারী হিসেবেই নয়, বরং পরিকল্পনাকারী, সিদ্ধান্ত গ্রহণকারী, উদ্যোক্তা এবং শিল্পনেতা হিসেবেও নারীরা হয়ে উঠছেন এই খাতের অন্যতম চালিকাশক্তি।
সিদ্ধান্ত গ্রহণে নারীর আধিপত্য
গবেষণার ভিত্তিতে ভ্রমণবিষয়ক সংবাদমাধ্যম ট্রাভেল পালস বলছে, পারিবারিক ভ্রমণের পরিকল্পনা ও বুকিংয়ের বড় অংশই নারীরা পরিচালনা করেন। গন্তব্য নির্বাচন, বাজেট নির্ধারণ, হোটেল ও ফ্লাইট বুকিং, এমনকি ভ্রমণসূচি তৈরির মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে নারীরাই মুখ্য ভূমিকা রাখেন। 
বহু-প্রজন্মভিত্তিক পারিবারিক সফর, বন্ধুদের গ্রুপ ট্রিপ কিংবা দম্পতিদের অবকাশযাপন— সব ক্ষেত্রেই নারীর পছন্দ ও অগ্রাধিকার বাজারকে প্রভাবিত করছে।
বিশেষজ্ঞদের মতে, এই প্রবণতা ট্র্যাভেল ব্র্যান্ডগুলোর বিপণন কৌশল বদলে দিচ্ছে। বিজ্ঞাপন, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার ও প্যাকেজ তৈরিতে এখন নারীদের চাহিদা ও দৃষ্টিভঙ্গি গুরুত্ব পাচ্ছে বেশি।
সলো নারী ভ্রমণের উত্থান
সাম্প্রতিক বছরগুলোতে একা ভ্রমণকারী নারীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সলো ফিমেল ট্রাভেল এখন আর ব্যতিক্রম নয়, বরং এক শক্তিশালী বৈশ্বিক ট্রেন্ড। অনেক নারী কর্মজীবনের চাপ, ব্যক্তিগত উন্নয়ন বা আত্ম-অন্বেষণের লক্ষ্য নিয়ে একা ভ্রমণে বের হচ্ছেন।
এই প্রবণতা নতুন বাজার তৈরি করেছে। নিরাপদ আবাসন, নারী-বন্ধুসুলভ গন্তব্য, স্থানীয় নারী গাইড, ওয়েলনেস রিট্রিট এবং অভিজ্ঞতাভিত্তিক ভ্রমণ এখন জনপ্রিয় হয়ে উঠছে। নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, সামাজিক গ্রহণযোগ্যতা এবং সাংস্কৃতিক সংবেদনশীলতা—এসব বিষয় এখন ট্রাভেল ইন্ডাস্ট্রির পরিকল্পনায় গুরুত্বপূর্ণ উপাদান।
উদ্যোক্তা ও নেতৃত্বে নারীর অংশগ্রহণ
ট্র্যাভেল অ্যাডভাইজার ও এজেন্সি পরিচালনায়র ক্ষেত্রেও নারীর উপস্থিতি দ্রুত বাড়ছে। বহু নারী উদ্যোক্তা নিজস্ব ট্র্যাভেল ব্র্যান্ড গড়ে তুলছেন এবং বিশেষায়িত সেবা দিচ্ছেন, যেমন অ্যাডভেঞ্চার ট্রিপ, পরিবেশবান্ধব পর্যটন, সাংস্কৃতিক ভ্রমণ কিংবা নারীকেন্দ্রিক গ্রুপ ট্যুর।
এছাড়া আতিথেয়তা খাত, যেমন হোটেল, রিসোর্ট ও ট্যুর অপারেশনে নারীরা নেতৃত্বের ভূমিকায় আসছেন। 
শিল্প বিশ্লেষকরা বলছেন, নারীদের নেতৃত্ব ট্রাভেল অভিজ্ঞতাকে আরও মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও গ্রাহককেন্দ্রিক করে তুলছে।
ভ্রমণ ও ক্ষমতায়নের সম্পর্ক
ভ্রমণ এখন অনেক নারীর কাছে কেবল বিনোদন নয়, বরং আত্মবিশ্বাস ও ক্ষমতায়নের মাধ্যম। নতুন সংস্কৃতি দেখা, অপরিচিত পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়া এবং স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার অভিজ্ঞতা ব্যক্তিগত বিকাশে বড় ভূমিকা রাখে। ফলে ভ্রমণ হয়ে উঠছে সামাজিক ও মানসিক মুক্তিরও প্রতীক।
এমনকি স্থানীয় অর্থনীতিতেও নারীদের ভ্রমণ গুরুত্বপূর্ণ অবদান রাখছে। নারী পর্যটকদের ব্যয় প্রবণতা, স্থানীয় পণ্য ও সেবা ব্যবহারের ধরণ গন্তব্যভিত্তিক অর্থনৈতিক প্রবাহে ইতিবাচক প্রভাব ফেলছে।
ভবিষ্যতের দিকনির্দেশ
বিশ্লেষকরা মনে করছেন, নারীকেন্দ্রিক চাহিদা ও প্রবণতা আগামী বছরগুলোতে ট্র্যাভেল ইন্ডাস্ট্রির রূপরেখা নির্ধারণ করবে। নিরাপত্তা ও অন্তর্ভুক্তি নিশ্চিত করা, বৈচিত্র্যময় অভিজ্ঞতা তৈরি করা এবং স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে সংযোগ স্থাপন— এসব বিষয় আরও গুরুত্ব পাবে।
আন্তর্জাতিক নারী দিবসের প্রেক্ষাপটে এই চিত্র স্পষ্ট করে দেয়, নারীরা শুধু পর্যটক নন, তারা পর্যটন শিল্পের কৌশলগত পরিবর্তনের কেন্দ্রবিন্দু। 
পরিকল্পনা থেকে বিপণন, উদ্যোক্তা থেকে নেতৃত্ব— সবক্ষেত্রেই নারীর সক্রিয় উপস্থিতি বিশ্ব ভ্রমণ শিল্পকে নতুন এক দিগন্তের দিকে নিয়ে যাচ্ছে।