অবসর জীবনে বিশ্বভ্রমণের স্বপ্ন এখন আর বিলাসিতা নয়, বরং দ্রুত জনপ্রিয় হয়ে ওঠা এক বাস্তব পরিকল্পনা। যুক্তরাজ্যভিত্তিক বিভিন্ন গবেষণায় দেখা গেছে, অবসরপ্রাপ্তদের বড় একটি অংশ জীবনের এই পর্যায়ে ভ্রমণকে অগ্রাধিকার দিচ্ছেন। তবে অভিজ্ঞ ভ্রমণকারীরা বলছেন, পরিকল্পনা আর দৃষ্টিভঙ্গি ঠিক না হলে এই স্বপ্ন পূর্ণতা পায় না।

নেস্ট পেনশন স্কিমের এক জরিপে দেখা গেছে, প্রায় ৬২ শতাংশ কর্মজীবী অবসরের পর দীর্ঘ ভ্রমণে যেতে চান। একইভাবে লিগ্যাল অ্যান্ড জেনারেলের গবেষণায় ৫৫ বছরের বেশি বয়সীদের মধ্যে ৬৫ শতাংশই ভ্রমণের পরিকল্পনা করছেন বা ইতোমধ্যে করেছেন। তাদের অনেকেই বিশ্রাম, রুটিন থেকে মুক্তি এবং অর্থবহ অভিজ্ঞতার খোঁজে বের হন।

অবসরভিত্তিক ভ্রমণ এখন সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচিত। ইউটিউব চ্যানেল খুলে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করছেন অনেকেই। তাদের অভিজ্ঞতা থেকেই উঠে এসেছে কিছু বাস্তবসম্মত পরামর্শ।

যা বলছেন অভিজ্ঞরা

প্রথমত, ভ্রমণ কখনোই অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে রাখা ঠিক নয়। স্বাস্থ্য ও শক্তি সবসময় একরকম থাকে না, তাই ইচ্ছার জায়গাগুলো দ্রুত পরিকল্পনায় আনাই ভালো।

দ্বিতীয়ত, ভ্রমণ পরিকল্পনায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা যেতে পারে। ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী সফর পরিকল্পনা এখন অনেক সহজ।

তৃতীয়ত, অপ্রয়োজনীয় জিনিস বহন না করাই ভালো। হালকা ব্যাগ ভ্রমণকে আরামদায়ক করে এবং খরচও কমায়।

চতুর্থত, ভিড়ের সময় এড়িয়ে চলা উচিত। অফ-সিজনে ভ্রমণে খরচ কম হয়, পরিবেশও থাকে স্বস্তিদায়ক।

পঞ্চমত, ধীরগতিতে ভ্রমণ করা জরুরি। এক জায়গায় বেশি সময় থাকলে স্থানীয় সংস্কৃতি ও জীবনযাত্রা ভালোভাবে বোঝা যায়।

ষষ্ঠত, আরাম ও নমনীয়তাকে গুরুত্ব দিতে হবে। পরিকল্পনায় বিশ্রামের দিন রাখা এবং সহজে চলাচলযোগ্য আবাসন বেছে নেওয়া ভ্রমণকে আনন্দদায়ক করে।

সপ্তমত, ক্যাম্পারভ্যান বা মোটরহোমে ভ্রমণ খরচ কমাতে সাহায্য করে এবং স্বাধীনতা বাড়ায়।

অষ্টমত, ‘ফ্লেক্স-প্যাট’ ধারণা গ্রহণ করা যেতে পারে। অর্থাৎ কয়েক মাস এক জায়গায় থেকে স্থানীয় জীবনের সঙ্গে মানিয়ে নেওয়া, তারপর অন্য গন্তব্যে যাওয়া।

নবমত, পরিবার থেকে দূরে থাকলেও যোগাযোগ বিচ্ছিন্ন হয় না। প্রযুক্তির কারণে এখন সহজেই সংযুক্ত থাকা যায়।

দশমত, অন্য ভ্রমণকারীদের অভিজ্ঞতা শোনা গুরুত্বপূর্ণ। তাদের কাছ থেকেই পাওয়া যায় ভিন্নধর্মী ও কম পরিচিত গন্তব্যের তথ্য।

বিশেষজ্ঞদের মতে, অবসর জীবনের ভ্রমণ শুধুই জায়গা দেখা নয়, বরং সময় নিয়ে অভিজ্ঞতা অর্জনের সুযোগ। পরিকল্পিত ও সচেতন ভ্রমণই এই সময়টাকে সবচেয়ে অর্থবহ করে তুলতে পারে।