মানবসভ্যতার ইতিহাস, সংস্কৃতি ও প্রকৃতির অনন্য নিদর্শনগুলো সংরক্ষণের জন্য ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি দেওয়া হয়। প্রাচীন নগর, ঐতিহাসিক স্থাপনা, রাজপ্রাসাদ কিংবা প্রাকৃতিক বিস্ময়—সব মিলিয়ে এসব স্থান মানবজাতির জন্য অমূল্য সম্পদ। সম্প্রতি প্রকাশিত তথ্য অনুযায়ী, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের সংখ্যায় শীর্ষে রয়েছে ইউরোপ ও এশিয়ার কয়েকটি দেশ, যেগুলো প্রতিবছর লাখো পর্যটককে আকর্ষণ করছে।
ইতালি
এই তালিকায় প্রথম স্থানে রয়েছে ইতালি। দেশটির মোট ৬০টি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে, যা বিশ্বে সর্বোচ্চ। প্রাচীন রোমান সভ্যতা থেকে শুরু করে রেনেসাঁ যুগের শিল্প ও স্থাপত্য—ইতালির ইতিহাসের গভীরতা এই সংখ্যার মধ্যেই ফুটে ওঠে। রোমের ঐতিহাসিক কেন্দ্র, ভেনিস ও তার ল্যাগুন, পম্পেই ও হারকুলেনিয়াম, ডলোমাইটস পর্বতমালা এবং সিয়েনার ঐতিহাসিক কেন্দ্র ইতালির অন্যতম পরিচিত ঐতিহ্যবাহী স্থান।
চীন
দ্বিতীয় অবস্থানে থাকা চীনের রয়েছে ৫৯টি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। হাজার বছরের পুরোনো ও প্রভাবশালী সভ্যতার পরিচয় বহন করে এসব স্থান। চীনের মহাপ্রাচীর, বেইজিংয়ের ফরবিডেন সিটি, শি’আনের টেরাকোটা আর্মি, মাউন্ট হুয়াংশান এবং জিউঝাইগো ভ্যালি ন্যাশনাল পার্ক বিশ্বজুড়ে পরিচিত ও জনপ্রিয়।
জার্মানি
তৃতীয় স্থানে রয়েছে জার্মানি, যেখানে ইউনেস্কো স্বীকৃত স্থানের সংখ্যা ৫৪টি। মধ্যযুগীয় ক্যাথেড্রাল, রাজপ্রাসাদ, আধুনিক স্থাপত্য এবং শিল্প ঐতিহ্যের সমন্বয় দেখা যায় দেশটিতে। কোলোন ক্যাথেড্রাল, বার্লিন মিউজিয়াম আইল্যান্ড এবং বাভারিয়ার রাজপ্রাসাদগুলো ইতিহাসপ্রেমীদের বিশেষ আগ্রহের কেন্দ্র।
ফ্রান্স
চতুর্থ স্থানে থাকা ফ্রান্সের রয়েছে ৫৩টি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। প্রাগৈতিহাসিক গুহাচিত্র থেকে শুরু করে গথিক ক্যাথেড্রাল ও রাজকীয় প্রাসাদ—ফ্রান্সের ঐতিহ্য বিশ্বসভ্যতায় বড় ভূমিকা রেখেছে। ভার্সাই প্রাসাদ, মন-সাঁ-মিশেল এবং লিওঁর ঐতিহাসিক কেন্দ্র এর উল্লেখযোগ্য উদাহরণ।
স্পেন
পঞ্চম স্থানে স্পেন, যার মোট ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের সংখ্যা ৫০। রোমান ও মুরিশ সভ্যতার প্রভাব, মধ্যযুগীয় নগর এবং শিল্পী আন্তোনি গাউদির স্থাপত্য স্পেনের ঐতিহ্যকে আলাদা মাত্রা দিয়েছে। আলহামব্রা, তোলেদোর ঐতিহাসিক শহর ও কামিনো দে সান্তিয়াগো তীর্থপথ এর মধ্যে অন্যতম।