সিরাজগঞ্জের পরিচয় শুধু নদীভাঙন, পললভূমি কিংবা যমুনার তীরবর্তী জনপদ হিসেবে সীমাবদ্ধ নয়। প্রাকৃতিক সৌন্দর্য, নদীকেন্দ্রিক বিনোদন এবং ঐতিহ্যবাহী স্থাপনার সমন্বয়ে জেলা হিসেবে নতুন করে পর্যটন সম্ভাবনার আলোচনায় উঠে এসেছে সিরাজগঞ্জ। বিশেষ করে যমুনা নদীর তীরঘেঁষা শহররক্ষা বাঁধ, যা স্থানীয়ভাবে ‘যমুনা ক্লোজার’ বা ‘চায়না বাঁধ’ নামে পরিচিত, ধীরে ধীরে উত্তরাঞ্চলের অন্যতম জনপ্রিয় ভ্রমণ গন্তব্যে পরিণত হচ্ছে।

যমুনা, বড়াল, ইছামতি, করতোয়া, হুরাসাগর ও ফুলজোড় নদীবেষ্টিত সিরাজগঞ্জ প্রকৃতিগত বৈচিত্র্যে সমৃদ্ধ। দেশের বৃহত্তম বিল চলনবিলের একটি অংশও জেলার পর্যটন আকর্ষণকে বাড়িয়ে দিয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের কাচারিবাড়ি, নবরত্ন মন্দির, এনায়েতপুর দরবার শরিফ, ইলিয়ট ব্রিজ, জয়সাগর দীঘি, যমুনা সেতু ইকোপার্ক, রাউতারা জমিদার বাড়িসহ বিভিন্ন ঐতিহাসিক ও সাংস্কৃতিক নিদর্শন।

তবে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি দর্শনার্থী টানছে যমুনা ক্লোজার। প্রায় ছয় কিলোমিটার দীর্ঘ নদীতীরজুড়ে বিস্তৃত এই এলাকা প্রতিদিনই ভ্রমণপিপাসু মানুষের পদচারণায় মুখর থাকে। বিকেল নামলেই পরিবার, বন্ধু কিংবা স্বজনদের নিয়ে ঘুরতে আসেন হাজারো মানুষ। ঈদ, সরকারি ছুটি ও জাতীয় দিবসগুলোতে দর্শনার্থীর সংখ্যা কয়েক হাজার ছাড়িয়ে যায় বলে স্থানীয়রা জানান।

দর্শনার্থীদের মতে, যমুনার বিশাল জলরাশি, খোলা আকাশ, স্পিডবোট ভ্রমণ এবং একইসঙ্গে যমুনা সেতু ও যমুনা রেলসেতুর নান্দনিক দৃশ্য উপভোগের সুযোগ এই স্থানকে অন্যদের থেকে আলাদা করেছে। বর্ষা মৌসুমে নদীর সৌন্দর্য আরও আকর্ষণীয় হয়ে ওঠে।

তবে সম্ভাবনার তুলনায় অবকাঠামোগত সুবিধা এখনও সীমিত। পর্যাপ্ত বসার স্থান, উন্নতমানের রেস্টুরেন্ট, আবাসন সুবিধা, শিশুদের বিনোদন কেন্দ্র, নিরাপদ টয়লেট ও নারীদের জন্য আলাদা বিশ্রামাগারের অভাবের কথা জানিয়েছেন দর্শনার্থীরা। তাদের মতে, পরিকল্পিত উন্নয়ন হলে এই স্থান দেশের অন্যতম জনপ্রিয় নদীকেন্দ্রিক পর্যটন গন্তব্যে পরিণত হতে পারে।

সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক সাইদুর রহমান বাচ্চু বলেন, যমুনা ক্লোজার শুধু বিনোদনের স্থান নয়, এটি স্থানীয় অর্থনীতির জন্যও গুরুত্বপূর্ণ সম্ভাবনার ক্ষেত্র। পর্যটননির্ভর হোটেল, মোটেল, রেস্টুরেন্ট, পরিবহন ও অন্যান্য সেবাখাতে বিনিয়োগের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি হতে পারে।

এদিকে পর্যটন উন্নয়নে সরকারি ও বেসরকারি উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন স্থানীয় নেতারাও। তাদের মতে, নিরাপত্তা ব্যবস্থা, আলোকসজ্জা ও আধুনিক বিনোদন অবকাঠামো গড়ে তোলা গেলে সিরাজগঞ্জের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে।

জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, যমুনা ক্লোজারকে ঘিরে পর্যটনের সম্ভাবনা বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় উন্নয়ন পরিকল্পনা করা হচ্ছে। দর্শনার্থীদের নিরাপত্তা, সৌন্দর্যবর্ধন এবং পর্যটনবান্ধব সুবিধা সম্প্রসারণে সংশ্লিষ্ট দফতরগুলোর সঙ্গে আলোচনা চলছে।

পর্যটন সংশ্লিষ্টদের মতে, প্রাকৃতিক সৌন্দর্য এবং শহরের নিকটবর্তী অবস্থান যমুনা ক্লোজারের সবচেয়ে বড় শক্তি। পরিকল্পিত ব্যবস্থাপনা ও আধুনিক অবকাঠামো গড়ে তোলা গেলে এটি শুধু উত্তরাঞ্চল নয়, দেশের অন্যতম প্রধান পর্যটন গন্তব্য হিসেবে প্রতিষ্ঠা পেতে পারে। একই সঙ্গে দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণ করে স্থানীয় অর্থনীতিতেও নতুন গতি সঞ্চার করবে।