ক্যারিবীয় সাগরে ভ্রমণরত একটি প্রমোদতরিতে পেটের অসুখের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এতে ১৩৪ জন পর্যটক ও ১৪ জন ক্রু সদস্যসহ মোট ১৪৮ জন অসুস্থ হয়েছেন।
যুক্তরাষ্ট্রের জনস্বাস্থ্য সংস্থা সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানিয়েছে, ‘ক্যারিবিয়ান প্রিন্সেস’ নামের জাহাজটিতে ২ হাজার ৯৩৬ জন পর্যটক ও ১ হাজার ১৩২ জন ক্রু সদস্য রয়েছেন। অসুস্থদের মধ্যে ডায়রিয়া ও বমির উপসর্গ দেখা গেছে।
১২ রাতের এই সমুদ্রযাত্রা আগামী ২৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ফোর্ট লডারডেলে শেষ হওয়ার কথা রয়েছে বলে দ্য ইন্ডিপেনডেন্টের খবরে বলা হয়েছে।
জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান প্রিন্সেস ক্রুজেস জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় জাহাজজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জীবাণুনাশক কার্যক্রম জোরদার করা হয়েছে। অসুস্থ যাত্রী ও ক্রুদের আলাদা রাখা হয়েছে। কয়েকজনের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে।
অসুস্থতার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। তবে সিডিসির মতে, ক্রুজ জাহাজে এ ধরনের প্রাদুর্ভাবের অন্যতম সাধারণ কারণ নরোভাইরাস। সংক্রমণ এড়াতে নিয়মিত হাত ধোয়া, পর্যাপ্ত বিশ্রাম এবং পানি পান করার পরামর্শ দিয়েছে সংস্থাটি।