তুরস্কের ক্যাপাডোকিয়া অঞ্চলের আভানোস শহরে রয়েছে বিশ্বের অন্যতম ব্যতিক্রমী একটি জাদুঘর, যেখানে প্রদর্শিত হয় ১৬ হাজারেরও বেশি নারীর চুলের গোছা। ভ্রমণের স্মৃতি হিসেবে এখানে কোনো ছবি বা প্রচলিত স্মারক নয়, বরং নিজেদের চুল রেখে যান নারী পর্যটকেরা। শুধু তাই নয়, জাদুঘরে চুল জমা দিয়ে লটারিতে অংশ নিলে জিতে নেওয়া যায় ক্যাপাডোকিয়ায় এক সপ্তাহের বিনা খরচে ছুটি এবং মৃৎশিল্প শেখার সুযোগ।

যেভাবে শুরু হয়েছিল চুলের জাদুঘর

তুরস্কের আভানোস শহরের এই ব্যতিক্রমী সংগ্রহশালার যাত্রা শুরু হয় ১৯৭৯ সালে। এর প্রতিষ্ঠাতা মৃৎশিল্পী গালিপ কোরুকচু। তাঁর কর্মশালায় একদিন এসেছিলেন এক ফরাসি নারী পর্যটক। ওই নারীর সুন্দর চুল দেখে গালিপ তাঁর কাছে চুলের একটি গোছা চান।

নারীটি নিজের নাম ও ঠিকানা লেখা একটি কাগজের সঙ্গে চুলের গোছাটি কর্মশালার দেয়ালে রেখে যান। এরপর কর্মশালায় আসা অন্য নারী পর্যটকেরাও একইভাবে নিজেদের চুল রেখে যেতে শুরু করেন। এভাবেই ধীরে ধীরে গড়ে ওঠে ব্যতিক্রমী এই সংগ্রহ।

২০২৪ সালে তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে গালিপ জানান, একটি চুলের গোছা থেকে এত বড় সংগ্রহ তৈরি হবে, তা তিনি কখনো ভাবেননি। পরবর্তী সময়ে জাদুঘরটি বিশ্বের বৃহত্তম চুলের সংগ্রহগুলোর একটি হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসেও স্থান পায় বলে জানা যায়।

দেয়ালজুড়ে হাজারো নারীর স্মৃতি

জাদুঘরের দেয়াল ও বিভিন্ন অংশজুড়ে সাজানো রয়েছে নানা রঙের হাজারো চুলের গোছা। প্রতিটির সঙ্গে যুক্ত রয়েছে একটি কাগজ, যেখানে লেখা থাকে সংশ্লিষ্ট নারীর নাম ও যোগাযোগের তথ্য।

কনটেন্ট নির্মাতা আকাঙ্ক্ষা মঙ্গার প্রকাশিত একটি ভিডিওতে জাদুঘরের এই ব্যতিক্রমী সংগ্রহের চিত্র দেখা যায়। প্রতিটি চুলের গোছা যেন কোনো না কোনো নারীর ভ্রমণ, ব্যক্তিগত স্মৃতি কিংবা কর্মশালায় কাটানো সময়ের সাক্ষ্য বহন করছে।

চুল জমা দিলেই লটারিতে অংশগ্রহণ

সিএনএনের তথ্য অনুযায়ী, জাদুঘরে ১৬ হাজারেরও বেশি নারীর চুলের গোছা সংরক্ষিত রয়েছে। তবে এই উদ্যোগের পেছনে শুধু স্মৃতি সংগ্রহের বিষয়টি নয়, রয়েছে নারীদের মৃৎশিল্পে আগ্রহী করে তোলার একটি উদ্দেশ্যও।

আকাঙ্ক্ষা মঙ্গার পোস্টের ক্যাপশন অনুযায়ী, ওই অঞ্চলে মৃৎশিল্পকে মূলত পুরুষদের কাজ হিসেবে বিবেচনা করা হতো। নারীদেরও এই শিল্প শেখার সুযোগ করে দিতে গালিপ বিনা খরচে ছুটি জেতার ব্যবস্থা চালু করেন।

প্রতি বছর লটারির মাধ্যমে ১০ জন নারীকে নির্বাচিত করা হয়। বিজয়ীরা ক্যাপাডোকিয়ায় এক সপ্তাহ বিনা খরচে থাকার সুযোগ পান। পাশাপাশি গালিপের কাছ থেকে মৃৎশিল্প তৈরির প্রশিক্ষণও নিতে পারেন।

আগ্রহী নারী পর্যটকেরা জাদুঘরে গিয়ে নিজেদের চুলের একটি গোছা, নাম ও যোগাযোগের তথ্য জমা দিয়ে লটারিতে অংশ নিতে পারেন। এ জন্য সেখানে কাগজ, কলম ও কাঁচির ব্যবস্থাও রাখা হয়েছে।