২০২৭ সালের বিশ্বের সেরা এয়ারলাইনসের তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক সাময়িকী টাইম। প্রথমবারের মতো প্রকাশিত এই তালিকায় শীর্ষস্থান দখল করেছে সংযুক্ত আরব আমিরাতের উড়োজাহাজ সংস্থা এমিরেটস। শীর্ষ ১০-এ জায়গা হয়নি ইউরোপের কোনো এয়ারলাইনসের। খবর: ইউরো নিউজ
যাত্রীদের অভিজ্ঞতা ও এয়ারলাইনসগুলোর পরিচালনাগত দক্ষতার ভিত্তিতে তৈরি হয়েছে এই তালিকা। গত তিন বছরে সর্বোচ্চ পাঁচটি এয়ারলাইনসে ভ্রমণ করা যাত্রীদের ওপর জরিপ চালানো হয়। এতে উড়োজাহাজের আসনের আরাম, সেবার মান, বিনোদন, খাবার, পানীয় এবং টিকিটের মূল্য বিবেচনা করা হয়েছে।
জরিপের তথ্য সংগ্রহ করেছে গবেষণা প্রতিষ্ঠান স্ট্যাটিস্টা। এর সঙ্গে উড়োজাহাজ চলাচলবিষয়ক তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ওএজির পরিচালনাগত পারফরম্যান্সের তথ্য যুক্ত করে চূড়ান্ত র্যাঙ্কিং তৈরি করা হয়েছে।
শীর্ষ তালিকায় এমিরেটসের পর রয়েছে কাতার এয়ারওয়েজ, এয়ার নিউজিল্যান্ড, সিঙ্গাপুর এয়ারলাইনস ও ক্যাথে প্যাসিফিক। ষষ্ঠ থেকে দশম স্থানে রয়েছে যথাক্রমে ডেল্টা এয়ার লাইনস, সাউথ আফ্রিকান এয়ারওয়েজ, চায়না সাউদার্ন এয়ারলাইনস, এয়ার চায়না ও আমেরিকান এয়ারলাইনস।
ইউরোপের এয়ারলাইনসগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে তুর্কিশ এয়ারলাইনস। বিশ্ব তালিকায় তাদের অবস্থান ১৪তম। এরপর ফিনএয়ার ১৫তম, লট পোলিশ এয়ারলাইনস ১৬তম এবং ব্রিটিশ এয়ারওয়েজ ১৭তম স্থানে রয়েছে।
তবে নির্ভরযোগ্যতার বিচারে ইউরোপের বৃহত্তম এয়ারলাইনস রায়ানএয়ার সেরা হয়েছে। আর দীর্ঘপাল্লার ভ্রমণ অভিজ্ঞতায় সেরা হয়েছে ভার্জিন আটলান্টিক।