দোকানে পণ্য বিক্রির জন্য ক্রেতাদের আকৃষ্ট করাই সাধারণত বিক্রেতাদের কাজ। কিন্তু দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের এক ব্যবসায়ী ঠিক উল্টো কাজ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে তারকা বনে গেছেন।

তিনি ক্রেতাদের নিজের দোকানের পণ্য কিনতে নিরুৎসাহিত করেন। অথচ তাকে একনজর দেখতে এবং তার কাছ থেকে পণ্য কিনতে প্রতিদিন ভিড় করছেন শত শত মানুষ।

সিএনএন লিখেছে, সিউলের ঐতিহ্যবাহী নামদেমুন মার্কেটে রয়েছে এই বিক্রেতার ছোট্ট স্কার্ফের দোকান। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি পরিচিতি পেয়েছেন ‘স্কার্ফ ম্যান’ নামে। তাঁর বিক্রির কৌশল বেশ অদ্ভুত। ক্রেতাদের পণ্যের গুণাগুণ বোঝানোর বদলে তিনি পণ্যকে নিম্নমানের বলে ঠাট্টা করেন, ক্রেতাদের আবদার নিয়ে মজা করেন, এমনকি ব্যবসা ছেড়ে দেওয়ার কথাও বলেন।

তাঁর এমন ব্যতিক্রমী কথাবার্তার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ইনস্টাগ্রামে তাঁর অনুসারী এক লাখ ছাড়িয়েছে। ইউটিউবেও বাড়ছে দর্শকসংখ্যা।

তাঁর দোকানে ছয়টি স্কার্ফের দাম ১০ হাজার কোরীয় ওন, যা প্রায় ৭ ডলার। তবে ক্রেতাদের কাছে স্কার্ফের চেয়ে বিক্রেতার মজার কথাবার্তা ও ব্যক্তিত্বই বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে।

অনেক বিদেশি পর্যটকও তাঁর দোকানের সামনে লাইন দিচ্ছেন। কেউ কেউ দূর থেকে এসেও দোকান বন্ধ পেয়ে ফিরে যাচ্ছেন। এমনকি দিনের শেষে তাঁর দোকান বন্ধ করে চলে যাওয়ার দৃশ্য দেখতেও ভিড় করছেন দর্শনার্থীরা।

তাঁর জনপ্রিয়তা কাজে লাগিয়ে চালু হয়েছে অনলাইন দোকানও। প্রথম দফার পণ্য ২৪ ঘণ্টার মধ্যে বিক্রি হয়ে যায়। পরে অতিরিক্ত অর্ডার পাওয়ায় ক্রেতাদের অর্ডার বাতিল করার অনুরোধ জানান তিনি।

তবে এই বিক্রেতার ব্যক্তিগত পরিচয় এখনো অনেকটাই অজানা। সাক্ষাৎকারের অসংখ্য অনুরোধ ফিরিয়ে দিয়েছেন, এমনকি সিএনএনের সঙ্গেও কথা বলতে রাজি হননি।

সামাজিক যোগাযোগমাধ্যমে তারকা হওয়ার প্রতিযোগিতার সময়ে নিজের পণ্য কিনতে নিষেধ করেই ব্যতিক্রমী জনপ্রিয়তা পেয়েছেন এই বিক্রেতা। কিন্তু তাঁর দোকানের সামনে দীর্ঘ লাইন দেখে বোঝা যায়, ক্রেতারা তাঁর নিষেধ শুনতে মোটেও রাজি নন।