বৈরী আবহাওয়ার কারণে জাহাজ চলাচল বন্ধ থাকায় দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে আটকা পড়েছেন প্রায় এক হাজার পর্যটক। তাঁদের মধ্যে দুই বিশ্ববিদ্যালয়ের ৯৬ জন শিক্ষক-শিক্ষার্থী রয়েছেন। দীর্ঘ সময় দ্বীপে অবস্থান করায় অনেক পর্যটকের খাবারের জন্য বরাদ্দ অর্থ প্রায় শেষ হয়ে এসেছে। অন্যদিকে, মোটরসাইকেল দুর্ঘটনায় এক শিক্ষার্থী আহত হওয়ায় তাঁর উন্নত চিকিৎসা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

আটকে পড়া ৯৬ জনের মধ্যে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) সমাজকর্ম বিভাগের ৩১ জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের ৬৫ জন শিক্ষক-শিক্ষার্থী রয়েছেন।

জাবিপ্রবির আহত শিক্ষার্থীর হাঁটুর প্যাটেলা বা হাঁটুর সামনের হাড় স্থানচ্যুত হয়েছে। দ্বীপে প্রয়োজনীয় চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য টেকনাফে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে প্রতিকূল আবহাওয়ায় তাঁকে স্থানান্তর করাও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

জাবিপ্রবির সমাজকর্ম বিভাগের দুই শিক্ষক ও ২৯ শিক্ষার্থীর দলটি গত ১৭ নভেম্বর শিক্ষাসফরে সেন্টমার্টিনে যায়। ১৯ নভেম্বর তাঁদের ফিরে আসার কথা ছিল। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তাঁরা দ্বীপে আটকা পড়েন।

বিভাগটির প্রভাষক হোসাইন মাহমুদ সাংবাদিকদের বলেন, বুধবার রাতে হঠাৎ জানানো হয়, বৃহস্পতিবার জাহাজ চলাচল বন্ধ থাকবে। পরে শুক্রবারও জাহাজ চলাচল বন্ধ রাখার খবর দেওয়া হয়। এতে তাঁরা বিপাকে পড়েছেন। দীর্ঘ সময় দ্বীপে অবস্থান করায় খাবারের জন্য বরাদ্দ অর্থও প্রায় শেষ হয়ে এসেছে।

জাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. আমির হোসেন বলেন, দুই শিক্ষকসহ বিশ্ববিদ্যালয়ের ৩১ জন সেন্টমার্টিনে আটকা পড়েছেন। তাঁদের একজন দুর্ঘটনায় আহত হয়েছেন। পাশাপাশি আর্থিক সংকটও দেখা দিয়েছে। তাঁদের দ্রুত ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

সেন্টমার্টিন হাসপাতালের উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার শহিদুল ইসলাম জানান, আহত শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে এ ধরনের চিকিৎসার জন্য দ্বীপে পর্যাপ্ত ব্যবস্থা নেই।

কোস্টগার্ড জানিয়েছে, আহত শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য টেকনাফে নেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে। তবে আবহাওয়া অনুকূলে না থাকায় আপাতত তাঁকে স্থানান্তর করা ঝুঁকিপূর্ণ।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, আটকে পড়া শিক্ষক-শিক্ষার্থীরা আর্থিক সংকটে পড়লে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। তাঁদের খোঁজখবর রাখা হচ্ছে।