দেশের চায়ের রাজধানী হিসেবে পরিচিত মৌলভীবাজারের শ্রীমঙ্গল প্রকৃতিপ্রেমী ভ্রমণকারীদের অন্যতম পছন্দের গন্তব্য। বিস্তীর্ণ চা-বাগান, সবুজ পাহাড়, লেক, বনাঞ্চল ও জলপ্রপাতের সমন্বয়ে গড়ে ওঠা এই জনপদে একদিনের ছুটিতেও উপভোগ করা যায় বৈচিত্র্যময় ভ্রমণ। রাজধানী ঢাকা থেকে সহজ যোগাযোগ ব্যবস্থার কারণে দিনভিত্তিক ভ্রমণের জন্য শ্রীমঙ্গল এখন বেশ জনপ্রিয়।

প্রকৃতি আর দর্শনীয় স্থান ঘুরে দেখার পরিকল্পনা

একদিনে শ্রীমঙ্গল ঘুরতে চাইলে আগের রাতেই ঢাকা থেকে বাস বা ট্রেনে রওনা হওয়া সুবিধাজনক। রাতের বাস কিংবা উপবন এক্সপ্রেসসহ সিলেটগামী ট্রেনে যাত্রা করলে ভোরে শ্রীমঙ্গল পৌঁছানো যায়।

সকালের নাস্তা শেষে সিএনজি অটোরিকশা ভাড়া করে প্রথমে যেতে পারেন মাধবপুর লেকে। পাহাড়ঘেরা এই লেকের শান্ত পরিবেশ ও চারপাশের সবুজ প্রকৃতি দিনের শুরুতেই এনে দেবে প্রশান্তি। পথে চোখে পড়বে সারি সারি চা-বাগানের মনোরম দৃশ্য।

এরপর ঘুরে দেখতে পারেন লাউয়াছড়া জাতীয় উদ্যান। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সংরক্ষিত বনাঞ্চল হিসেবে পরিচিত এ উদ্যানে রয়েছে সমৃদ্ধ জীববৈচিত্র্য। বনপথে হাঁটার পাশাপাশি হালকা ট্রেকিংয়ের সুযোগও রয়েছে।

দুপুরে শহরে ফিরে পানসী বা পাঁচ ভাই হোটেলে দেশীয় খাবার দিয়ে মধ্যাহ্নভোজ সেরে নেওয়া যায়। এরপর সময় থাকলে সিতেশ বাবুর চিড়িয়াখানা ঘুরে দেখা যেতে পারে।

বিকেলে শ্রীমঙ্গলের জনপ্রিয় নীলকণ্ঠ চা কেবিনে সাত রঙের চায়ের স্বাদ নেওয়ার পাশাপাশি বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট এলাকার পরিবেশ উপভোগ করা যায়। সন্ধ্যার আগেই ভ্রমণ শেষ হলে ট্রেন বা বাসে ঢাকার উদ্দেশ্যে ফিরতে পারবেন।

অ্যাডভেঞ্চারপ্রেমীদের জন্য হামহাম পরিকল্পনা

যারা ট্রেকিং ও প্রকৃতির রোমাঞ্চ উপভোগ করতে চান, তারা হামহাম জলপ্রপাতকে ভ্রমণসূচিতে রাখতে পারেন। ভোরে শ্রীমঙ্গল পৌঁছে সিএনজি বা জিপ ভাড়া করে কলাবনপাড়া পর্যন্ত যেতে হবে। সেখান থেকে স্থানীয় গাইড নিয়ে শুরু হয় হামহামের পথে ট্রেকিং।

ঘন বন আর পাহাড়ি পথ পেরিয়ে পৌঁছানো যায় এই জলপ্রপাতে। বর্ষাকালে হামহামের সৌন্দর্য সবচেয়ে বেশি উপভোগ করা যায়। জলপ্রপাত দেখা শেষে শহরে ফিরে দুপুরের খাবার খেয়ে বিকেলে মাধবপুর লেক ও নীলকণ্ঠ চা কেবিন ঘুরে দেখা সম্ভব।

ঢাকা থেকে যেভাবে যাবেন

ঢাকার কমলাপুর বা বিমানবন্দর রেলস্টেশন থেকে উপবন, জয়ন্তিকা, পারাবত ও কালনী এক্সপ্রেসে শ্রীমঙ্গল যাওয়া যায়। ট্রেনভেদে ভাড়া সাধারণত ৩০০ থেকে ১,০৭৪ টাকার মধ্যে। সময় লাগে প্রায় ৪ থেকে সাড়ে ৪ ঘণ্টা।

এ ছাড়া ফকিরাপুল ও সায়েদাবাদ থেকে হানিফ, শ্যামলী, এনা, সিলেট এক্সপ্রেসসহ বিভিন্ন বাসে ৫৭০ থেকে ৭০০ টাকায় শ্রীমঙ্গল যাওয়া যায়। যাত্রাসময় প্রায় ৪ ঘণ্টা।

সম্ভাব্য খরচ

বাস ভাড়া: ৫৭০-৭০০ টাকা

সকালের নাস্তা: ৫০ টাকা

সিএনজি রিজার্ভ: প্রায় ২,৫০০ টাকা

দুপুরের খাবার: ১৫০ টাকা

ফিরতি ট্রেন ভাড়া: ৩০০-১,০৭৪ টাকা

অন্যান্য খরচ: ১০০ টাকা

ভ্রমণ টিপস

সাশ্রয়ী খাবারের জন্য পানসী বা পাঁচ ভাই হোটেল বেছে নিতে পারেন।

সিএনজি ভাড়া করার আগে গন্তব্যগুলো স্পষ্টভাবে ঠিক করে নিন।

ভাড়া নির্ধারণে দরদাম করে নেওয়া ভালো।

হামহাম ভ্রমণে জোঁকের বিষয়ে সতর্ক থাকুন।

ট্রেনে ফিরতে চাইলে সময়সূচি আগে থেকেই জেনে নিন।