গোপালগঞ্জে নতুন ভ্রমণগন্তব্য হিসেবে দ্রুত পরিচিতি পাচ্ছে মাঠলা লেক ও সেতু এলাকা। বিস্তৃত জলরাশি, খোলা আকাশ আর শান্ত পরিবেশ মিলিয়ে এটি এখন প্রকৃতিপ্রেমীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। স্থানীয়দের কাছে স্থানটি ইতোমধ্যেই ‘মিনি কক্সবাজার’ নামে পরিচিতি পেয়েছে।
গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার জালালাবাদ ইউনিয়ন এর মাঠলা গ্রামে অবস্থিত এই লেক ও সেতু এলাকা শহর থেকে অল্প দূরত্বে হওয়ায় প্রতিদিনই ভ্রমণপিপাসু মানুষ এখানে ভিড় করছেন। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে অল্প সময়েই এটি স্থানীয় ভ্রমণ মানচিত্রে গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে।
লেকের বিস্তীর্ণ জলাধার, চারপাশের খোলা পরিবেশ এবং বাতাসের স্নিগ্ধতা মিলিয়ে এলাকাটি ছোট্ট সমুদ্রসৈকতের আবহ তৈরি করে। বিশেষ করে বিকেলের সূর্যাস্ত এখানে সবচেয়ে আকর্ষণীয় দৃশ্য। পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব কিংবা স্বল্প সময়ের অবসর কাটাতে অনেকেই ছুটে আসছেন এই স্থানে।
স্থানীয় বাসিন্দারা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই দর্শনার্থীর সংখ্যা দ্রুত বেড়েছে। ছুটির দিনগুলোতে আশপাশের বিভিন্ন জেলা থেকেও মানুষ এখানে ঘুরতে আসছেন। তরুণদের পাশাপাশি পরিবারভিত্তিক ভ্রমণকারীদের উপস্থিতি স্থানটিকে এক ধরনের মিলনমেলায় পরিণত করেছে।
তবে দর্শনার্থীর সংখ্যা বাড়লেও এখনো পর্যাপ্ত অবকাঠামো গড়ে ওঠেনি। নিরাপত্তা ব্যবস্থা, বসার স্থান, পরিচ্ছন্নতা ও মৌলিক সুবিধা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাদের মতে, পরিকল্পিত উন্নয়ন হলে মাঠলা লেক-ব্রিজ এলাকা গোপালগঞ্জের অন্যতম সম্ভাবনাময় পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে।