রাঙ্গামাটির দুর্গম পাহাড়ে নীরব অথচ রোমাঞ্চে ভরা এক সড়ক ধীরে ধীরে পর্যটকদের নজরে আসছে। রাজস্থলী-ফারুয়া সীমান্ত সড়ক এখন অ্যাডভেঞ্চারপ্রেমীদের নতুন গন্তব্য। আঁকাবাঁকা পথ, গভীর খাদ আর মেঘছোঁয়া দৃশ্য মিলিয়ে এই রুটে মিলছে অনন্য এক রোড ট্রিপ অভিজ্ঞতা, যা অনেকেই লাদাখের সঙ্গে তুলনা করছেন।
অফবিট রুটে নতুন আকর্ষণ
রাজস্থলী উপজেলা সদর থেকে বিলাইছড়ির ফারুয়া ইউনিয়ন পর্যন্ত বিস্তৃত এই সড়কটি পার্বত্য চট্টগ্রামের অন্যতম নান্দনিক পথ হিসেবে পরিচিতি পাচ্ছে। এখনো তুলনামূলক কম পর্যটক যাতায়াত করায় জায়গাটি রয়ে গেছে শান্ত ও রহস্যময়।
পাহাড় কেটে তৈরি সর্পিল এই সড়ক কখনো নিচে নেমে গেছে গভীর খাদ ঘেঁষে, আবার কোথাও উঠে গেছে উঁচু ঢালে। বিশেষ করে জিগজ্যাগ বা জেড আকৃতির অংশগুলো পথটিকে আলাদা করে তুলেছে।
দর্শনীয় স্থান
এই রুটের সবচেয়ে আকর্ষণীয় অংশ জিগজ্যাগ সড়ক, যা ভ্রমণকারীদের কাছে আলাদা উত্তেজনা তৈরি করে।
সায়চল ভিউ পয়েন্ট থেকে দেখা যায় বিস্তীর্ণ পাহাড়শ্রেণির প্যানোরামিক দৃশ্য। ছবি তোলার জন্য এটি জনপ্রিয় স্পট।
ফারুয়া বাজারে স্থানীয় পাহাড়ি জীবনযাত্রার কাছাকাছি যাওয়া যায়।
আরাছড়া ও গবাছড়ার পথে ছোট ছোট পাহাড়ি জনপদ ও ঝরনা নজর কাড়ে।
অনুমতি সাপেক্ষে সীমান্তঘেঁষা এলাকাতেও যাওয়া সম্ভব।
যেভাবে যাবেন
ঢাকা থেকে এই রুটে যেতে সবচেয়ে সুবিধাজনক পথ বান্দরবান হয়ে। বাসে করে বান্দরবান শহরে পৌঁছে সেখান থেকে বাঙ্গাল হালিয়া বাজার যেতে হয়, যা রাজস্থলীর প্রবেশদ্বার হিসেবে পরিচিত।
সেখান থেকে পাহাড়ি সড়ক ধরে ২০ থেকে ২৫ মিনিটে রাজস্থলী পৌঁছানো যায়। এরপর সাইচল ভিউ পয়েন্ট বা ফারুয়ার দিকে যেতে হলে সেনাবাহিনীর চেকপোস্ট থেকে অনুমতি নিতে হয়। রাজস্থলী থেকে সাইচল অংশ প্রায় ৪০ কিলোমিটার এবং এটিই সবচেয়ে আকর্ষণীয় অংশ।
নিরাপত্তা ও অনুমতি
এই সড়কে ভ্রমণের ক্ষেত্রে সেনাবাহিনীর অনুমতি বাধ্যতামূলক। নিরাপত্তাজনিত কারণে অনেক সময় পর্যটকদের জন্য রুটটি সাময়িকভাবে বন্ধও থাকতে পারে। তাই ভ্রমণের আগে সর্বশেষ পরিস্থিতি জেনে নেওয়া জরুরি।
থাকা ও খাওয়া
রাজস্থলী বা ফারুয়ায় উন্নত আবাসন নেই। তাই বান্দরবান শহরে থাকাই সবচেয়ে ভালো বিকল্প। সেখানে বিভিন্ন মানের হোটেল ও রিসোর্ট পাওয়া যায়।
খাবারের জন্য বান্দরবান শহরই নির্ভরযোগ্য। পথে বাঙ্গাল হালিয়া বাজারে খাবারের ব্যবস্থা আছে। তবে রাজস্থলী পার হওয়ার পর খাবারের দোকান প্রায় নেই, তাই সঙ্গে শুকনো খাবার ও পানি রাখা প্রয়োজন।
ভ্রমণ টিপস
পাহাড়ি এই সড়ক খাড়া ও অনেক জায়গায় বালু বা কাদা থাকে, তাই সাবধানে গাড়ি চালাতে হবে।
ভালো গ্রিপের টায়ার ও নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার করা জরুরি।
নির্জন স্থানে একা দীর্ঘক্ষণ না থাকাই নিরাপদ।
স্থানীয় সংস্কৃতি ও মানুষের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান দেখাতে হবে।
সীমান্ত এলাকায় মোবাইল নেটওয়ার্ক দুর্বল হতে পারে, তাই আগে থেকে ম্যাপ ডাউনলোড রাখা ভালো।