প্রকৃতিকে আমরা সাধারণত নীরবতা আর শান্তির প্রতীক হিসেবে ভাবি। কিন্তু পৃথিবীর এমন কিছু জায়গা আছে, যেখানে প্রকৃতি নিজেই তৈরি করে তীব্র ও গর্জনময় শব্দের এক ভিন্ন জগৎ। জলপ্রপাতের গর্জন, বরফ ভাঙার বিস্ফোরণধ্বনি কিংবা জঙ্গলের অবিরাম শব্দ—এসব অভিজ্ঞতা ভ্রমণকারীদের কাছে প্রকৃতিকে নতুনভাবে অনুভব করার সুযোগ দেয়।

নিচে এমনই সাতটি জায়গার কথা তুলে ধরা হলো, যেখানে প্রকৃতির শব্দই প্রধান আকর্ষণ।

আর্জেন্টিনা ও ব্রাজিল সীমান্তে অবস্থিত ইগুয়াজু জলপ্রপাত বিশ্বের অন্যতম বৃহৎ জলপ্রপাত। প্রায় ২৭৫টি ধারা নিয়ে ২.৭ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই জলপ্রপাতের গর্জন এতটাই তীব্র যে কাছাকাছি গেলে তা কম্পনের মতো অনুভূত হয়। বিশেষ করে ‘ডেভিলস থ্রোট’ অংশে প্রতি সেকেন্ডে বিপুল পরিমাণ পানি নিচে পড়ার শব্দ চারপাশ কাঁপিয়ে তোলে।

জাম্বিয়া ও জিম্বাবুয়ের সীমান্তে অবস্থিত ভিক্টোরিয়া ফলস ‘ধোঁয়া ওঠা বজ্রধ্বনি’ নামেই বেশি পরিচিত। জাম্বেজি নদীর পানি যখন খাড়া পাথুরে দেয়াল বেয়ে নিচে পড়ে, তখন সৃষ্টি হয় একটানা গর্জন, যা দূর থেকেও শোনা যায়।

আইসল্যান্ডের ডেটিফস জলপ্রপাত ইউরোপের সবচেয়ে শক্তিশালী জলপ্রপাত হিসেবে পরিচিত। জনবসতি ও গাছপালা কম থাকায় এখানে জলপ্রপাতের শব্দ কোনো বাধা ছাড়াই ছড়িয়ে পড়ে, যা আরও তীব্রভাবে কানে আসে।

যুক্তরাষ্ট্র ও কানাডা সীমান্তের নায়াগ্রা ফলস বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটনস্থল। বিশাল জলধারা নিচে পড়ার সময় যে গর্জন তৈরি হয়, তা পুরো এলাকাজুড়ে প্রতিধ্বনিত হয়। বিশেষ করে ‘হর্সশু ফলস’ অংশে দাঁড়ালে শব্দ যেন চারদিক থেকেই ঘিরে ধরে।

আমাজন রেইনফরেস্ট একেবারেই ভিন্ন অভিজ্ঞতা দেয়। এখানে কোনো একক শব্দ নেই, বরং পোকামাকড়, ব্যাঙ, পাখি ও নানা প্রাণীর মিলিত আওয়াজ তৈরি করে এক অবিরাম শব্দমালা। বিশেষ করে রাতে এই শব্দ আরও তীব্র হয়ে ওঠে।

যুক্তরাষ্ট্রের আলাস্কায় অবস্থিত মেনডেনহল হিমবাহ বরফ ভাঙার শব্দের জন্য পরিচিত। বিশাল বরফখণ্ড ভেঙে পানিতে পড়ার সময় যে বিস্ফোরণের মতো শব্দ হয়, তা অনেকটা কামানের গর্জনের মতো শোনায়।

আইসল্যান্ডের জোকুলসারলন হিমবাহ লেগুন-এ ভাসমান বরফখণ্ডের নড়াচড়া থেকে সৃষ্টি হয় খটখট শব্দ। কখনো বড় অংশ ভেঙে গেলে শোনা যায় হঠাৎ বিস্ফোরণের মতো শব্দ, যা নিরিবিলি পরিবেশে আরও স্পষ্ট হয়ে ওঠে।