বিশ্বজুড়ে ফুল ফোটার মৌসুমকে ঘিরে ভ্রমণের নতুন এক প্রবণতা দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। এই দলের পর্যটকরা রঙিন ফুলের সমারোহ দেখতে ছুটছেন পৃথিবীর নানা প্রান্তে।

সাম্প্রতিক বছরগুলোতে বিশেষ করে জাপানে চেরি ফুল দেখার পর্যটক সংখ্যা ব্যাপক বেড়েছে। এতে জনপ্রিয় প্যাগোডাগুলোতে দিনে ১০ হাজারের বেশি পর্যটকের ভিড়ও দেখা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এসব দৃশ্য ভাইরাল হওয়ায় চাপ আরও বেড়েছে। এমনকি নিরাপত্তা ও অবকাঠামোগত চাপে জনপ্রিয় পার্কগুলোর উৎসব বাতিলের ঘটনাও ঘটেছে।

জলবায়ু পরিবর্তনের প্রভাবেও ফুল ফোটার সময়সূচি বদলে যাচ্ছে। যেমন কোথাও আগে ফুটছে, কম সময় থাকছে। ফলে অনেক পর্যটক হতাশ হচ্ছেন। একই ধরনের চাপ দেখা যাচ্ছে নেদারল্যান্ডসের টিউলিপ পর্যটনেও।

এই প্রেক্ষাপটে ভ্রমণপিপাসুরা এখন বিকল্প গন্তব্য খুঁজছেন, যেখানে ভিড় কম, অভিজ্ঞতা অনন্য। এমনই কয়েকটি সেরা ‘ফুলময় ভ্রমণ গন্তব্য’ তুলে ধরা হলো—

দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়ার নামাকুয়াল্যান্ড
দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়ার পশ্চিম উপকূলজুড়ে বিস্তৃত এই আধা-মরু অঞ্চলটি বিশ্বের অন্যতম জীববৈচিত্র্যপূর্ণ এলাকা। আগস্ট-সেপ্টেম্বরে এখানে দেখা মেলে মরুভূমিতে ফুল ফোটান বিরল বিস্ফোরণ।

সাড়ে ৩ হাজারের বেশি বুনোফুলের প্রজাতির মধ্যে প্রায় ১,০০০টি কেবল এখানেই পাওয়া যায়।

পাহাড় থেকে উপকূল পর্যন্ত সাদা, বেগুনি আর কমলা ফুলে ঢেকে যায় বিস্তীর্ণ প্রান্তর।

জাতীয় উদ্যানে রয়েছে বিশেষ ‘বুনোফুল পথ’ ও পায়ে হাঁটার পথ।

জেরতে ভ্যালি, স্পেন
জাপানের বাইরে চেরি ফুলের অভিজ্ঞতা নিতে চাইলে এটি আদর্শ গন্তব্য। বসন্তে প্রায় ১৫ থেকে ২০ লাখ চেরি গাছ একসঙ্গে ফুলে ভরে যায়, তৈরি করে সাদা ফুলের সমুদ্র।

মার্চের শেষ থেকে এপ্রিলের শুরু— মাত্র ১০ দিনের এই সময়টিই সেরা।

এখানে উৎসবের মাধ্যমে উদযাপিত হয় এই মৌসুম সংগীত, নাটক, হস্তশিল্প আর স্থানীয় চেরি-ভিত্তিক খাবারের আয়োজন থাকে।

ভ্যালি অব ফ্লাওয়ারস, ভারত
ভারতের উত্তরাখণ্ডে অবস্থিত এই ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থানটি জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত রঙিন ফুলে ঢেকে যায়। ছয় শতাধিক প্রজাতির ফুল, যার মধ্যে বিরল ব্রহ্মকমল ও হিমালয়ান ব্লু পপি রয়েছে।

এই উপত্যকাটি সংরক্ষিত জৈবমণ্ডল এলাকার অংশ এবং তুষার চিতা ও এশীয় কালো ভালুকের মতো বিরল প্রাণীর আবাসস্থল।

লেক টেকাপো, নিউজিল্যান্ড
নিউজিল্যান্ডের এই হিমবাহজাত হ্রদ তার নীলচে-সবুজ রঙ আর পরিষ্কার রাতের আকাশের জন্য বিখ্যাত। নভেম্বর-ডিসেম্বরে এখানে ফুটে ওঠে রঙিন রাসেল লুপিন ফুল—গোলাপি, নীল, বেগুনি রঙে সাজে পুরো এলাকা।

বিশেষ করে স্থানীয় গির্জার আশপাশের দৃশ্য অত্যন্ত চমৎকার। ফুলের পাশাপাশি এখানে মহাকাশ পর্যবেক্ষণও জনপ্রিয়।

মুকার মেডোজ, যুক্তরাজ্য
ইংল্যান্ডের ইয়র্কশায়ার ডেলসের এই ঐতিহ্যবাহী ঘাসভূমি জুন-জুলাইয়ে ফুলে ভরে ওঠে। এটি একটি সংরক্ষিত ও বৈজ্ঞানিক গুরুত্বসম্পন্ন স্থান এবং জীববৈচিত্র্যে সমৃদ্ধ।

এখানে দেখা যায় বিরল সব বুনোফুল। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি শান্ত পরিবেশে হাঁটা বা বনভোজনের জন্য এটি আদর্শ।
ভ্রমণের নতুন দিশা

অতিরিক্ত ভিড় আর জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণে প্রচলিত গন্তব্যের বাইরে নতুন জায়গা খুঁজছেন ভ্রমণপ্রেমীরা। ফুলের রঙে সাজানো এই গন্তব্যগুলো শুধু চোখ জুড়ায় না, বরং দেয় ভিন্নধর্মী অভিজ্ঞতা— প্রকৃতি, সংস্কৃতি আর ঋতুর অনন্য মেলবন্ধন।