ভ্রমণ এখন শুধু বিনোদনের মাধ্যম নয়, মানসিক প্রশান্তি ও নতুন অভিজ্ঞতা অর্জনের অন্যতম উপায়। তবে বাজেটের সীমাবদ্ধতার কারণে অনেকেরই বিশ্বভ্রমণের স্বপ্ন অধরাই থেকে যায়। বাস্তবে কিন্তু সঠিক পরিকল্পনা ও কিছু কার্যকর কৌশল জানা থাকলে তুলনামূলক কম খরচেও বিশ্বের নানা দেশ ঘুরে দেখা সম্ভব।
বিশেষজ্ঞদের মতে, ভ্রমণ ব্যয়ের সবচেয়ে বড় তিনটি খাত হলো যাতায়াত, আবাসন ও খাবার। এই তিন ক্ষেত্রেই কিছু স্মার্ট সিদ্ধান্ত খরচ উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিতে পারে।
যাতায়াতে সাশ্রয়ের উপায়
বিমান টিকিট খোঁজার সময় ব্রাউজারের ইনকগনিটো মোড ব্যবহার করলে অনেক ক্ষেত্রে সুবিধা পাওয়া যায়। একই সঙ্গে স্কাইস্ক্যানার বা গুগল ফ্লাইটসের মূল্য সতর্কতা চালু রাখলে ভাড়ার ওঠানামা নজরে রাখা সহজ হয়।
অনেক পর্যটক রাতের ট্রেন বা স্লিপার বাস বেছে নেন। এতে একদিকে যাতায়াত সম্পন্ন হয়, অন্যদিকে এক রাতের আবাসন খরচও বেঁচে যায়।
কিছু আন্তর্জাতিক বিমান সংস্থা কানেকটিং ফ্লাইটের যাত্রীদের জন্য বিনামূল্যে স্টপওভার সুবিধা দেয়। এর মাধ্যমে অতিরিক্ত বিমানভাড়া ছাড়াই কয়েক দিন নতুন একটি শহর ঘুরে দেখার সুযোগ মেলে।
স্বল্প দূরত্বে হাঁটা কিংবা স্থানীয় গণপরিবহন ব্যবহারও বাজেট ভ্রমণের অন্যতম কার্যকর উপায়।
আবাসনে খরচ কমানোর কৌশল
বর্তমানে কাউচসার্ফিংয়ের মতো প্ল্যাটফর্ম বিশ্বজুড়ে বাজেট পর্যটকদের কাছে জনপ্রিয়। এখানে স্থানীয় বাসিন্দারা বিনা মূল্যে নিজেদের বাড়ির অতিরিক্ত কক্ষ বা থাকার জায়গা ভ্রমণকারীদের জন্য উন্মুক্ত রাখেন। তবে নিরাপত্তার স্বার্থে বুকিংয়ের আগে হোস্টের রিভিউ যাচাই করা জরুরি।
দীর্ঘমেয়াদি ভ্রমণকারীরা বিভিন্ন এনজিও, অর্গানিক ফার্ম, হোস্টেল বা ধর্মীয় প্রতিষ্ঠানে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে বিনা মূল্যে থাকা ও খাবারের সুযোগ পান।
এ ছাড়া আধুনিক বুটিক হোস্টেলগুলোতে তুলনামূলক কম খরচে ব্যক্তিগত কক্ষ পাওয়া যায়। স্থানীয় সংস্কৃতি জানার জন্য হোমস্টেও হতে পারে ভালো বিকল্প। আর অ্যাডভেঞ্চারপ্রেমীরা নিরাপদ স্থানে ক্যাম্পিংয়ের মাধ্যমে আবাসন ব্যয় প্রায় শূন্যে নামিয়ে আনতে পারেন।
খাবারের ব্যয় কমানোর ট্রিকস
ইউরোপ ও উত্তর আমেরিকার অনেক রেস্তোরাঁয় দুপুরে বিশেষ লাঞ্চ অফার থাকে, যেখানে রাতের তুলনায় অনেক কম দামে একই মানের খাবার পাওয়া যায়।
অন্যদিকে স্থানীয় সুপারশপ বা মুদিদোকান থেকে ফল, পাউরুটি, চিজ কিংবা দই কিনে খাওয়ার অভ্যাস ব্যয় কমাতে সহায়তা করে। যেসব হোস্টেলে রান্নাঘর রয়েছে, সেখানে নিজের খাবার নিজেই তৈরি করলে আরও সাশ্রয় সম্ভব।
দর্শনীয় স্থান ঘোরার স্মার্ট পরিকল্পনা
বিশ্বের বহু জনপ্রিয় জাদুঘর ও পর্যটনকেন্দ্র সপ্তাহের নির্দিষ্ট দিনে বিনামূল্যে প্রবেশের সুযোগ দেয়। ভ্রমণের আগে অনলাইনে তথ্য যাচাই করলে এই সুবিধা কাজে লাগানো যায়।
অনেক শহরে ফ্রি ওয়াকিং ট্যুরের ব্যবস্থাও রয়েছে। এতে স্বল্প খরচে স্থানীয় ইতিহাস, সংস্কৃতি ও গুরুত্বপূর্ণ স্থান সম্পর্কে জানা যায়।
এ ছাড়া ফটোগ্রাফি, ওয়েব ডিজাইন বা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবস্থাপনার মতো দক্ষতা থাকলে স্থানীয় হোস্টেল বা ক্যাফের সঙ্গে কাজের বিনিময়ে থাকার ব্যবস্থা করার সুযোগও পাওয়া যেতে পারে।
ভ্রমণ বিশেষজ্ঞদের মতে, কম খরচে ভ্রমণের মূল চাবিকাঠি হলো পরিকল্পনা, নমনীয়তা এবং স্থানীয় সুযোগ-সুবিধার সর্বোচ্চ ব্যবহার। সঠিক কৌশল জানা থাকলে সীমিত বাজেটেও বিশ্বভ্রমণের স্বপ্ন বাস্তবে রূপ দেওয়া সম্ভব।